এন এইচ কে সম্পর্কে
জাপানের একমাত্র গণসম্প্রচার সংস্থা এনএইচকে ১৯২৫ সালে সম্প্রচার কার্যক্রম শুরু করে। এনএইচকের অর্থায়ন করা হয় টেলিভিশনের অধিকারী প্রত্যেক পরিবার থেকে সংগৃহীত টাকা দিয়ে, যার উদ্দেশ্য, শ্রোতাদের মতামতকে সর্বাগ্রাধিকার প্রদান করা এবং সরকার বা যে কোন বেসরকারী সংস্থার প্রভাবমুক্ত থাকা । জাপানের অভ্যন্তরে এনএইচকে বর্তমানে ৪টি টিভি চ্যানেল এবং ৩টি রেডিও চ্যানেলের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে । এর মধ্যে টেলিভিশনের টেরেস্ট্রিয়াল সম্প্রচারের দুটি চ্যানেল অর্থাৎ সাধারণ ও শিক্ষামূলক দুটি চ্যানেল এবং রেডিওর তিনটি চ্যানেলকে বলা হয় মৌলিক অভ্যন্তরীণ সার্ভিস আর এগুলোতে সংবাদ, শিক্ষামূলক অনুষ্ঠানসহ পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি প্রচার করা হয়ে থাকে । আবার ২টি স্যাটেলাইট চ্যানেল নমনীয়ভাবে অনুষ্ঠানসূচী নির্ধারণের মাধ্যমে দর্শক শ্রোতাদের বৈচিত্র্যময় আগ্রহে সাড়া দেয়ার জন্য ব্যাপক বিষয়ে অনুষ্ঠান প্রচার করছে । এর পাশাপাশি এনএইচকে ওয়ার্ল্ড নামে বৈদেশিক সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে ।
এনএইচকে ওয়ার্ল্ড সম্পর্কে
এনএইচকের আন্তর্জাতিক সম্প্রচার সার্ভিস এনএইচকে ওয়ার্ল্ড । এতে টেলিভিশন, রেডিও এবং ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান প্রচার করা হয় ।
এনএইচকে ওয়ার্ল্ডের উদ্দেশ্য
- অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক খবরাখবরকে বস্তুনিষ্ঠভাবে ও দ্রুত বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়া।
- এনএইচকের বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে, বিভিন্ন আঙ্গিকে এশিয়া সম্পর্কিত তথ্যাবলী তুলে ধরা ।
- মারাত্বক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ তথ্য মাধ্যম হিসেবে কাজ করা।
- জাপানী সংস্কৃতি ও জীবনযাত্রা, সমাজ ও রাজনীতির ক্ষেত্রে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, বিজ্ঞান ও শিল্প ক্ষেত্রের সর্বসাম্প্রতিক ধারা, এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়াবলী সম্পর্কে জাপানের ভূমিকা ও মতামতের নানান দিক নিয়ে সর্বোচ্চ নির্ভুলতা এবং দ্রুততার সঙ্গে তথ্য সম্প্রচার ।
- জাপান ও অন্যান্য দেশের মধ্যে পারস্পারিক উপলব্ধি জোরদার করা এবং বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময় এগিয়ে নেয়া ।
এনএইচকে ওয়ার্ল্ডের বিষয়সূচী
- এনএইচকে ওয়ার্ল্ড টিভি ( আন্তর্জাতিক টেলিভিশন সম্প্রচার)
- এনএইচকে ওয়ার্ল্ড টিভি, সারা বিশ্বের দর্শকদের জন্য ইংরেজি ভাষায় টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার করে থাকে, যা তিনটি যোগাযোগ উপগ্রহের মাধ্যমে বিশ্বব্যাপী প্রচারিত হয় । এনএইচকে ওয়ার্ল্ড টিভি, নানামুখী অনুষ্ঠানের পাশাপাশি জাপান, এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সর্বশেষ ঘটনাবলী দিনে ২৪ ঘন্টা ধরে প্রচার করে থাকে ।
- এনএইচকে ওয়ার্ল্ড প্রিমিয়াম (অনুষ্ঠানমালা)
- এনএইচকে ওয়ার্ল্ড প্রিমিয়াম, কেবল সংযোগ এবং স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন দেশে দিনে ২৪ ঘন্টা ধরে অনুষ্ঠান সম্প্রচার করে থাকে । এনএইচকে-র সংবাদ ও চলতি ঘটনাবলীর অনুষ্ঠান ছাড়াও, এনএইচকে প্রিমিয়াম নাটক, শিশুতোষ অনুষ্ঠান, ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক ও শিল্পকলা সম্পর্কিত অনুষ্ঠান সম্প্রচার করে ।
- এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান
- এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান, সারা বিশ্বে ইংরেজি ও জাপানীসহ ১৮টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে থাকে ।প্রতিদিন মোট ৫৫ ঘন্টা ১০ মিনিট অনুষ্ঠান সম্প্রচার করা হয়, তবে প্রতিটি ভাষায় প্রচারিত অনুষ্ঠানের সময়সীমার ক্ষেত্রে তারতম্য রয়েছে ।
- এনএইচকে ওয়ার্ল্ড ইন্টারনেট সার্ভিস
- ১৮ টি ভিন্ন ভিন্ন ভাষার ওয়েবসাইটে সংবাদ, অনুষ্ঠান এবং জাপানী ভাষা শিক্ষার পাঠ সংযোজন করা হয় । এছাড়া এনএইচকের ইংরেজি ওয়েবসাইট থেকে ভিডিও নিউজ দেখার ব্যবস্থা রয়েছে ।